বন্যা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি সরকার সহ্য করার হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে খাল খনন কর্মসূচি ও ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে মন্ত্রী এ কথা জানান।
ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যা শুরুর পর সরকার দ্রুত ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণে কোনো রাজনৈতিক মতভেদ বা স্বজনপ্রীতি করা হবে না। এ নিয়ে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
এবারের বন্যার সব ক্ষতি পুষিয়ে নিতে উদ্যেগ নেওয়া হচ্ছে বলেও জানান ত্রাণমন্ত্রী। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গতদের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতি পুষিয়ে নিতে উদ্যেগ নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন খাল খনন ও সংস্কার না হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। সরকার দেশের সব খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন এবং শুকনো মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খালের পাড়ে গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। বাঁশখালীর খাল সংস্কারের বাকি কাজ শেষ করতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।’