চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল থেকে শুরু হওয়া হরতালের কারণে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের নেতারা জানান, নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা। এসময় হরতালের সমর্থনে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
এদিকে, হরতাল নিয়ে সর্তক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে স্বাভাবিক রয়েছে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যান চলাচল।