কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকেল তিনটার দিকে খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নিহতদের মধ্যে রয়েছেন দুই বোন রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ মোট ৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মৃত্যু হয়।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত দেব জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। ঘটনাস্থল থেকে কার্ভড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।