ঢাকা-আরিচা মহাসড়কের যানজট কমাতে তৈরি করা হয়েছিল সরাসরি চলাচলের লেনের রাস্তা। কিন্তু ধামরাই অংশের এই লেনই এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। দুপাশে কংক্রিটের দেয়াল আর মাঝখানে কোনো বিভাজক না থাকায় প্রতিনিয়ত ঘটছে মুখোমুখি সংঘর্ষ। দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের।
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট এড়াতে এবং যানবাহনের গতি বাড়াতে ধামরাই অংশের ঢুলিভিটা, শ্রীরামপুর, জয়পুরা, কালামপুরসহ কয়েকটি বাসস্ট্যান্ডে তৈরি করা হয় সরাসরি চলাচলের বিশেষ লেন।
তবে সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, পরিকল্পনার ঘাটতিতে এখন এই লেনই হয়ে উঠেছে আতঙ্কের কারণ। সরু এই লেনে একইসঙ্গে চলছে দুই দিকের যানবাহন। মধ্যবর্তী বিভাজক না থাকায় ওভারটেক করতে গেলেই তৈরি হচ্ছে ভয়াবহ ঝুঁকি। দুপাশে কংক্রিটের দেয়ালের কারণে বিপরীত দিকের গাড়ির সরে যাওয়ারও সুযোগ না থাকায় ঘটছে সংঘর্ষ, বাড়ছে হতাহত।
সড়ক নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়ককে অগ্রাধিকার দিয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা।
নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এই অংশে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলে ভালো হয়।’
এদিকে সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ককে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে মানিকগঞ্জ সড়ক বিভাগ। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে ডিও লেটার।
মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, ‘সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ককে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে।’
শুধু সাময়িক যানজট নিরসন নয়, ধামরাইবাসীদের দাবি ফোর লেন কিংবা এক্সপ্রেসওয়ে নির্মাণের। সড়ক নিরাপদে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা স্থানীয়দের।



