কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সৈকতের দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌভিক রায় খুলনা নগরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে সৌভিক রায় তার আট বন্ধুসহ মোট নয়জন কক্সবাজারে বেড়াতে যান। দুপুরে প্যারাসেইলিং করার সময় তিনি আকাশে থাকা অবস্থায় ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এদিকে, একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছিল। সেসব ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে কয়েক মাস আগে আবার প্যারাসেইলিং চালু হয়।
প্যারাসেইলিং কার্যক্রমের বৈধতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।