কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা মানেননি।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি আদালতে আত্মসমর্পণ করেননি কিংবা তাকে কারাগারে প্রেরণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি।
এদিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, ‘সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি বলে জেনেছি।’
এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করলে চেম্বার জজ আদালত ওই আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।