চাঁদপুরের ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার রাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আ. হালিম ভুঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।