চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন।
বুধবার গন্ধব্যপুর ইউনিয়নের আতিক শাহ মাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা হয়।
দুর্ঘটনাকবলিত শ্রমিকেরা স্থানীয় রাজুর আতিক শাহ ব্রিকফিল্ডে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিলেন তারা। পথে ডাকাতিয়া নদীর ওই এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী সিমেন্টবাহী জাহাজের সঙ্গে তাদের নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায় এবং নৌকায় থাকা শ্রমিকরা নদীতে ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহত আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ব্রিকফিল্ডের মালিক রাজু আহমেদ বলেন, ‘নিহত শ্রমিককে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।’
তবে এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান কোনো তথ্য পাননি বলে জানান।