আজও চুয়েটে চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রেখে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়াচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও শাটডাউন কর্মসূচি চলমান থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

একইসঙ্গে নতুন উপাচার্যকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার কথাও জানিয়েছেন তারা। এ লক্ষ্যে গতকাল রাত থেকেই মূল ফটকে অবস্থান নিয়েছেন অনেক শিক্ষার্থী।

এর আগে গত সোমবার সন্ধ্যায় উপাচার্য পরিবর্তনের ঘোষণা আসার পর বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে ক্যাম্পাসে মিছিলের পর গতকাল মঙ্গলবার সকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্য ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়াসদ্য বিদায়ী উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। নিয়োগের ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে।

এদিকে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বর্তমান চট্টগ্রামে অবস্থান করছেন। তবে কবে নাগাদ চুয়েট ক্যাম্পাসে আসবেন সে বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিতভাবে কিছু জানাননি।