উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য পরিবর্তনের ঘোষণা আসার পর বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে ক্যাম্পাসে মিছিলের পর সকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্য ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে উপাচার্য পরিবর্তনের পর আজ মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আহসান উল্যাহ জানান, উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপণ বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শেখ শরিফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।



