বৃহস্পতিবার থেকে সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা

তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়া, নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র তৎপরতা বন্ধে সংশ্লিষ্টদের সরিয়ে না নেওয়া পর্যন্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।