৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু

উপাচার্য পুনর্বহালের দাবির মধ্যে ৩৬ দিন পর ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটে। এদিকে, শিক্ষকদের সাথে বৈঠকের পর এখন শিক্ষার্থীদের সাথে বৈঠক করছেন ইউজিসির পরামর্শক কমিটির সদস্যরা।

এর আগে সকাল ১০টার দিকে ইউজিসি- পরামর্শক কমিটির সদস্যরা চুয়েটে আসেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ তিনজন উপাচার্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে চুয়েট শিক্ষকরা জানান, ইউজিসির কমিটিকে শিক্ষকদের যৌক্তিক দাবিসহ চলমান ঘটনা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের দাবি সরকারের কাছে পৌঁছানোর আশা তাদের।

চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়।