লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নীরব নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে এবং দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক। ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল কেনা-বেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে রোববার রাতে সাহাপুর এলাকায় একটি বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। এ সময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়। সেখান থেকে আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা চালানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, মামলার প্রধান অভিযুক্ত আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


