চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী আবু ইউসুফ জীবন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকায় আবু ইউসুফ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ইকরাম বাবু, আরমান, মেহেদী, নাবিদসহ কয়েকজন আবু ইউসুফদের ওপর পিস্তল-ছুরি নিয়ে হামলা করে।
তারা ধারালো অস্ত্র দিয়ে আবু ইউসুফের ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ দুপুরে সেখানে মৃত্যু হয় তার।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।