সাজেকে ফের সকাল-সন্ধ্যা অবরোধ শুরু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

এতে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেকে চলমান অবরোধের ধারাবাহিকতায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা দিন দিন বেড়েছে। সম্প্রতি ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সশস্ত্র মহড়া এবং ৩১ অক্টোবর দুপুরে সাজেক এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সশস্ত্র তৎপরতার কারণে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সংগঠনটির অভিযোগ, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সন্ত্রাসীরা সাজেকের পর্যটন সড়ক ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে জিম্মি করে রেখেছে।

একই সঙ্গে সাজেকে সশস্ত্র তৎপরতা বন্ধ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আইনের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।