চুয়েটে ফের অচলাবস্থা, উপাচার্যের রুটিন দায়িত্বের প্রতিবাদে শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে) তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক কাজী মো. দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে এই কর্মসূচিতে নেমেছেন তারা।

এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষাসহ সব কার্যক্রম। এর আগের আন্দোলনে বিভিন্ন পরীক্ষা স্থগিত হয়েছে। এসব পরীক্ষা নেওয়াসহ সার্বিক ক্ষতি পুষিয়ে নেওয়াটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, রোববার বিকেলে চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ইউজিসির সভায় অংশ নিতে ঢাকা যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল করে তারা। একই সাথে সোমবার সকাল থেকে একদিনের সর্বাত্মক অ্যাকাডেমিক শাটডাউনের ঘোষণা করেন শিক্ষার্থীরা। ফলে সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিভিন্ন অ্যাকাডেমিক ভবন ঘুরে বেশিরভাগ ক্লাস ফাঁকা দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, চলতি সপ্তাহে দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশের কথা বিবেচনা করে তাঁরা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। তবে নতুন উপাচার্য সেটি উপেক্ষা করেছেন। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে নতুন উপাচার্যের কোনো ধরনের হস্তক্ষেপ থাকতে পারবে না বলেও জানান তাঁরা। তবে, দীর্ঘদিনের অচলাবস্থায় নিজেদের বড় ক্ষতি হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। তাই তারা চান সরকারের আন্তরিক সহায়তা চান।

চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মইনুল ইসলাম জানান, গত ৪০ দিনের আন্দোলনে বিভিন্ন বিভাগের চল্লিশটি পরীক্ষা স্থগিত হয়েছে। এসব পরীক্ষা কীভাবে নেওয়া হবে তা নিয়ে চিন্তিত তারা।

গত সপ্তাহে চুয়েটের অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি দল চুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বর্তমানে ফের আলোচনায় চুয়েট।