চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় রাস্তা পারাপারের সময় লরিচাপায় মাঈশা মুসফিরাত নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
এ ঘটনার পর দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকামুখী লেনে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের জন্য অপেক্ষমাণ থাকা মাইশার পাশে একটি মিনিবাসকে ধাক্কা দেয় লরি। এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইশাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত মিনিবাসের এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ফুটওভার ব্রিজ নির্মাণ, দোষীদের গ্রেপ্তার, আহতদের চিকিৎসাসহ ছয় দফা দাবি উত্থাপন করেছে তাঁরা।