প্রতিদিন শয্যাসংখ্যার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। নেই পর্যাপ্ত শয্যা, চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম। পরিচালক জানান, হাসপাতালের সক্ষমতা বাড়াতে আরও দেড় হাজার শয্যা যোগ করার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।
উপচেপড়া রোগীর ভিড় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে এভাবেই বারান্দা ও করিডোরেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। প্রায় ৭ দশক আগে যাত্রা শুরু করা হাসপাতাটিতে এখন শয্যা সংখ্যা ২২০০। কিন্তু চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও তিন পার্বত্য জেলার প্রায় তিন কোটি মানুষের ভরসা এই হাসপাতালেই।
হাসপাতালে সংকট রয়েছে অক্সিজেন, ট্রলি ও হুইলচেয়ারেরও। ৬০টি আইসিইউ শয্যার জন্য মৃত্যুঝুঁকি নিয়ে অপেক্ষায় থাকতে হয় সংকটাপন্ন রোগীদের।
চমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মুহিত উল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম জেলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে প্রয়োজনের তুলনায় হাসপাতালের শয্যা অনেক কম। ফলে রোগীরা প্রায়ই বঞ্চিত হন মৌলিক স্বাস্থ্যসেবা থেকে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, ‘বাড়তি রোগীর চাপ সামাল দিতে আপাতত কোনো তড়িৎ সমাধান নেই কর্তৃপক্ষের কাছে। তবে হাসপাতালের সক্ষমতা বাড়াতে আরও দেড় হাজার শয্যা যোগ করার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।’
হৃদরোগ, মেডিসিন, সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগেই রোগীর চাপ সবচেয়ে বেশি। বাড়তি শয্যা ও জনবল কবে মিলবে, এখন সেই অপেক্ষায় রোগী ও স্বজনরা।