পৌষের আগেই নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে বরিশালের হাসপাতালগুলোয়। শয্যার তুলনায় ১৫ গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছেন শের-ই-বাংলা মেডিকেলের চিকিৎসাকর্মীরা। এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক শিশুকে। অনেককেই থাকতে হচ্ছে মেঝেতে। জনবল সংকটের মাঝেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে, জানালেন চিকিৎসকরা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি শিশু ইউনিটের একটির চিত্র এটি। শয্যা সংকটে এক বেডেই চলছে একাধিক শিশুর চিকিৎসা।
হেমন্তে তাপমাত্রা কমার সাথে সাথে হাম ও ডেঙ্গুর পাশাপাশি হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড়। শিশু ওয়ার্ডে মাত্র ৪৫টি শয্যার বিপরীতে গড়ে ভর্তি থাকছে সাড়ে ছয়শ শিশু। হাসপাতালে চিকিৎসা সেবা ও পথ্য মিললেও, শয্যাসঙ্কটে দুর্ভোগে রোগী ও স্বজনরা।
হাসপাতালে শিশুকে নিয়ে আসা এক অভিভাবক জানান, এখানে রোগীর চাপ অনেক বেশি। যা বেড আছে তাতে হয় না, আরও প্রয়োজন। জ্বর আসার পর বাসায় বসে নাপা খাওয়ানোর পরও কমেনি। পরে ডাক্তার দেখানোর পর ভর্তি দিছে। এখানে চিকিৎসা নেওয়ার পরও জ্বর কমছে না। এখানে এক বেডে দুই জন থাকতে কষ্ট হচ্ছে।
চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের সময়ে শিশুদের শীতজনিত নানা রোগের সংক্রমণ বাড়ে। এছাড়া, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রনে না আসায় রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে।
শেবাচিম শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ফয়সাল হাসান ভূঞা বলেন, ‘প্রতিদিন আমাদের গড় রোগীর সংখ্যা ৬৫০ থেকে ৮০০। আমাদের জনবল কাঠামোর উপর বেশি চাপ পড়ছে। সামনে শীতকাল আসছে। আমাদের শিশুদের জন্য এই সময়টা ক্রিটিক্যাল। ঋতু পরিবর্তনের এই সময়টায় কিছু সংক্রমণ বেড়ে যায়। এসময় শিশুদের নিউমোনিয়া বেড়ে যায়।’
শেবাচিম মিডিয়া মুখপাত্র ডা. মাজহারুল রেজওয়ান রেজা বলেন, ‘হাম পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণে আশার কথা ততটা কমেনি। শীত চলে আসায় বর্তমানে ঠাণ্ডাজনিত রোগের রোগীও বাড়ছে৷ পাশাপাশি আগামী ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের উপর প্রেশার বেশি পড়ছে। শিশু ওয়ার্ডের পাশাপাশি শিশু বহির্বিভাগেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ বছর শের ই বাংলা মেডিকেলে হামের চিকিৎসা নিয়েছে ৮ হাজারের বেশি রোগী। এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন ভর্তি হচ্ছেন গড়ে ১৩০ জন।


