চট্টগ্রামে ভূমিদস্যু ইয়াসিনের ৬ সহযোগী গ্রেপ্তার 

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলোচিত ভূমিদস্যু ইয়াসিনের ছয়জন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এসব ফোন অনুসন্ধান করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পাওয়া গেছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আবদুর শুক্কুর প্রাথমিক অনুসন্ধানে ইয়াসিনের দ্বিতীয় প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশের দাবি, আলিনগর বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাতেন তারা। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং অর্থের বিনিময়ে পোস্ট বুস্ট করে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়ার তথ্যও পাওয়া গেছে।

উদ্ধার করা মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে। অপপ্রচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও অর্থায়নকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।