চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে হত্যার দায়ে ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সুবিদপুর ইউনিয়নের দিগধাইর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম জানান, পারিবারিক কলহের জেরে ২০২২ সালে শাহাদাতের স্ত্রী আঞ্জুমা বেগমকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করা হতো। এ ঘটনায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাত প্রতিশোধের জেরে ২০২২ সালের ১৯ এপ্রিল শ্যালক কামরুল হাসান রতন ও ভায়রা জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আদালত শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সফিকুর রহমান।


