নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-অভিভাবক, নিহতের স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা বলেন, মাদ্রাসাছাত্রী নুহা হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও, এ ঘটনায় জড়িতদের কাউকে আইনের আওতায় আনা হয়নি।
বক্তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে দায় এড়ানোর চেষ্টা করলেও গত সোমবার ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
সমাবেশ থেকে এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন–নিহত নুহার বাবা ইকবাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দীন, জামায়ত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নিহত তাইবা ইলহাম নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে সদর উপজেলার মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। নুহার ১০ বছর বয়সী বড় ভাই ইয়াছিন আরাফাও একই মাদ্রাসার ছাত্র।
গত ৯ নভেম্বর ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় যায় সে। মাদ্রাসা ছুটির পর নুহা আগে বাড়ি ফিরে গেছে ভেবে তার ভাই একা বাড়ি গিয়ে দেখে বোন বাড়ি যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যায় মাদ্রাসার পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


