চট্টগ্রামের হালিশহরে দিনদুপুরে পুলিশের টহলদলের পিকআপ চুরি করে নিয়ে গেছে চোর। আজ বুধবার দুপুরে পুলিশ সদস্যরা ভাত খাওয়ার সময় চুরি হয় এই পিকআপ। তবে চুরির ৫ ঘণ্টা পর বন্দর ফকিরহাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
এই চুরির সঙ্গে জড়িত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে হালিশহর ছোটপোলস্থ জেলা পুলিশ লাইন্সের পাশে টহল কাজে ব্যাবহৃত পিকআপ ভ্যান রেখে একটি ক্যান্টিনে ভাত খেতে যান হালিশহর থানার টহল পুলিশ দল। ১০ মিনিট পর ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখতে পান পিকআপটি নেই।
পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পর এক ব্যাক্তি চাবি দিয়ে দরজা খুলে গাড়ি নিয়ে আগ্রাবাদের দিকে চলে গেছে।
পিকআপ ভ্যানটিতে হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও দুই কনস্টেবল ছিলেন।
এদিকে, ঘটনার পর পর চুরি হওয়া পিকআপ ও চোরকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে বন্দর এলাকার ফকিরহাট থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে চোরের স্ত্রীকে।