কুমিল্লায় মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেপ্তার ৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
  
গ্রেপ্তাররা হলো– চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের মো. বাবুলের ছেলে মো. হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব (২০) এবং ফেনী সদর উপজেলার ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন (২০)।

​এছাড়া এ ঘটনায় জড়িত আরও দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরকে (বয়স ১৫ ও ১৬ বছর) গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার আশফালিয়া গ্রামে এবং অপরজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথায় অবস্থান নেয়। এ সময় তারা দাহ্য পদার্থ (মবিল) ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল (মোবাইল-৩) স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ওই ছয়জনকে হাতেনাতে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।