গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বেতন নির্ধারনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র চলমান নাশকতার ঘটনায় গাজীপুর মেট্টোপলিটনের বিভিন্ন থানায় অন্তত ১৫টি নাশকতা মামলা হয়েছে। এসব মামলা গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
এছাড়াও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গাড়িতে থাকা পেট্টোল বোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসেহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ব্রিফিংকালে তিনি একথা বলেন।
জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিছু দুষ্কৃতিকারী সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিহত করেছে। বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’


