‘ব্রিজের কারণে আমাদের পুরা বাড়ি চইলা গেছে। অন্য জায়গায় গিয়ে ঘর কইরা থাহুম সেই জায়গা নাই। সবাই এক ঘরে থাহি। সরকার টাকা–পয়সা দিবে দূরের কথা, কাগজপত্রও দেয় নাই।’
এই আক্ষেপ খাদিজা বেগমের। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলকারকান্দি গ্রামের বাসিন্দা। নাসিরনগরের ‘৯ ব্রিজ প্রকল্পে’ এমন অভিযোগ আরও অনেকের। তারা ভূমি অধিগ্রহণ হওয়ার আগে সরকারকে সেতু নির্মাণের জায়গা দিয়ে পড়েছেন বিপাকে।
নাসিরনগর সদর থেকে নদী-খাল, বিল-হাওর পেরিয়ে সরাইলের অরুয়াইল। প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হলেও সড়ক সংযোগে বাধা এখন সেতু। প্রথমে ড্রয়িং-ডিজাইনে ত্রুটি, এরপর ভূমি অধিগ্রহণ না হওয়ার কারণে সেতুর কাজেও লাগছে লম্বা সময়।
নাসিরনগর সদর থেকে ভলাকুট ও চাতলপাড় হয়ে সরাইলের অরুয়াইল ভাটি এলাকা হিসেবেই পরিচিত। সারাবছর নৌ-পথেই চলতে হয় এসব এলাকার হাজার হাজার মানুষকে। সড়কটি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হবে নতুন দ্বার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৯টি সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করে ২০২১ সালের নভেম্বরে। ঠিকাদার নিয়োগের পর এরমধ্যে দুটি সেতুর কাজ ২০২২ সালে শুরু হলেও ড্রয়িং-ডিজাইনে ত্রুটি থাকায় নতুন করে ৫টি সেতুর দরপত্র আহ্বান করা হয়। ২০২৩ সালে পুনঃদরপত্র আহ্বানের পর ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এসব সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
কিন্তু অধিগ্রহণের ধীরগতিতে এখন ঝুলে আছে এসব সেতু নির্মাণ কাজ। নাসিরপুর, ভলাকুট, খাগালিয়া, দুর্গাপুর, চাতলপাড় চকবাজার, ফুলকারকান্দি, ইছাপুর, গুজিয়া ও কান্তার খালের ওপর ছোটবড় ৯টি সেতু নির্মাণ কাজের ৩টি মাত্র শেষ হয়েছে। ফলে এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চলের হাজার হাজার মানুষ।
প্রকল্পের ১ নম্বর ব্রিজটি উপজেলা সদরের নাসিরপুরে। কিন্তু সেখানে ভূমি নিয়ে মামলার কারণে ব্রিজের এপ্রোচ রোডের কাজ বন্ধ।
সরেজমিনে গেলে কথা হয় জায়গার মালিক আবদুল মোতালিব ও পান্ডব বিশ্বাসের সঙ্গে। পান্ডবের ভাই সপ্তরঞ্জন জায়গা নিয়ে আদালতে মামলা করেছেন।
পান্ডব বলেন, ‘আমরার জায়গা আমরা কোনো কিছু (টাকা) পামু না। এক্যুয়ার করব না, জিজ্ঞেসও করব না। উল্টো বিভিন্ন ধরনের হুমকি-ধামকি। নিরুপায় হয়ে আমার ভাই আদালতের আশ্রয় নেয়।’
মোতালিবের জায়গার পরিমাণ পৌনে ২ কানি। জায়গা অধিগ্রহণের কোনো খোঁজখবরই তার জানা নেই। বলেন, ‘আমার ক্ষেতের ওপর দিয়া জোরে পুল (সেতু) দিয়া লাইছে। আল্লাহ-রসুলের দোহায় দিছি। আমরার কথা কোনো দামই দিছে না।’
ভলাকুটের মো. খেলু মিয়ার দাবি, তার ১৬ ফুট জায়গা ব্রিজের ভেতরে পড়ছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগও দিয়েছেন। তার বাধার কারণে ২ নম্বর ব্রিজের একপাশের গার্ডার ও স্লেবের কাজ বন্ধ।
প্রকল্পের সবচেয়ে বড় ২৭৪ মিটার দৈর্ঘ্যের সেতুটি হচ্ছে বেমালিয়া নদীর ওপর দুর্গারামপুর ও চাতলপাড় চকবাজারের মধ্যে। এই ব্রিজের কাজ বন্ধ স্থানীয় জমির মালিকদের বাধাতে।
সাবেক ইউপি সদস্য সাফি মাহমুদ বলেন, ‘কাজের শুরুতে এ্যাকুয়ার হয়নি বলে আমরা বাধা দেই। উনারা বলছেন, অসুবিধা নাই কাজ করুক। আপনাদেরকে টাকা–পয়সা দেওয়া হবে। আমরারে বোগা দিতে দিতে এই পর্যন্ত অনেক ঘরবাড়ি সরাইছে।’
আবদুল হাসিম বলেন, ‘বেকু দিয়া বাড়িটা কাটছে। ৩/৪টা ঘর ভাঙ্গা অইছে। টাকা–পয়সা পাইছি না। এলএ অফিস থেকে লোক আইয়া আরো ধাতাইয়া (ধমক) গেছে। অহন আমরা এখন বাধা দিয়া রাখছি। আমরা আগে টাকা–পয়সা পাইয়া লই।’
৯টি সেতু প্রকল্পের ঠিকাদার মেসার্স হাসান এন্টারপ্রাইজের খায়রুল হাসান জানান, প্রকল্পটি শুরু হয় ২০২০ সালে। এরপর ডিজাইন-ড্রয়িংয়ের জটিলতার কারণে ২০২৩ সালের আগস্টে ৫টি সেতুর কাজের রি-টেন্ডার হয়। যার কার্যাদেশ হয় ২০২৪ সালের জানুয়ারিতে। কিন্তু ১, ২, ৪, ৫, ৬ ও ৭ নম্বর সেতুর মধ্যে জমি অধগ্রহণ হয়নি।’
ঠিকাদার খায়রুল হাসান বলেন, ‘সমস্ত জায়গা পাবলিকের। সেখানে টোটালি কাজ করা সম্ভব হচ্ছে না। কাজ চলমান অবস্থায় আজকে ৬/৭ মাস যাবৎ বলা হচ্ছে ল্যান্ড এক্যুজিসন হবে। অধিগ্রহণের চিঠি আসতেছে। কিন্তু এখন আর তারা কোনো কিছু শুনতে রাজি না। স্থানীয়রা কাজে বাধা দেয়, দা নিয়ে আসে মারতে। এভাবে প্রকল্পগুলো স্থবির হয়ে আছে।’
ঠিকাদারের দাবি, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তিনি দিশেহারা। সামনে কাজ করবেন কী করবেন না– এ নিয়ে দ্বিধায় রয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আবদুল মান্নান বলেন, ‘নাসিরনগর উপজেলায় ৯টা সেতুর প্রকল্প। এরমধ্যে ৫টা সেতুর ভূমি অধিগ্রহণ কার্যক্রম ২০২৩ সাল থেকে চলমান। এখন পর্যন্ত যৌথ পরিদর্শন শেষ হয়েছে। আরও একদিন যেতে হবে। তারপর ৪ ধারা জারি হবে। এটা আরও কতদিন লাগে আমরা বুঝতে পারছি না।’
এলজিইডি নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘আমরা ডিসি অফিসে এলএ শাখায় যোগাযোগ করছি। উনারা বলছেন দ্রুত হবে। আসলে লম্বা প্রসেস চলছে।’