চট্টগ্রামে মদ পানের পর দুইজনের মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন–তাঁদের নাম নান্টু ঘোষ এবং উজ্জ্বল দেব। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন।

চিকিৎসক ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত শুক্রবার ওই এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে বেশ কয়েকজন ব্যক্তি মদ পান করেন। তাঁদের মধ্যে ৫-৬ জন পরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়। এরই মধ্যে তাঁদের একজনকে মোহরায় এবং আরেকজনকে রাঙ্গুনীয়ায় সৎকার করা হয়েছে। তাঁদের সৎকারের পর পুলিশ মৃত্যুর বিষয়টি অবগত হয় বলে জানান ওসি।

এদিকে মৃত ব্যক্তিদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হননি স্বজনেরা।