খাগড়াছড়িতে রানা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

খাগড়াছড়িতে ১০ বছর বয়সী শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলায় হযরত আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়েছে। 

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সৃজনি ত্রিপুরা বলেন, ২০১৬ সালের ৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলার এলাকায় শিশু আবু ইউসুফ রানা খেলাধুলা করছিল। এসময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে কয়েকজন মিলে শিশু রানাকে ধরে পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে এলাকায় শিশুটির মরদেহ পাওয়া যায়। 

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। মামলায় হযরত আলী, রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও ভিকটিমের পরিবার।

রায়ের পর হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।