সপ্তাহের ব্যবধানে আবারও পরিবর্তন হলো ফেনী জেলা পুলিশ সুপার (এসপি)। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। অন্যদিকে, ফেনীর বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে, গত ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. হাবীবুল্লাহ। দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মাথায় তাকে ফেনী থেকে সরিয়ে দেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে মো. হাবীবুল্লাহ গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে ফেনীতে বদলি করা হয়েছিল। একই সময়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।