ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২৫

কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস। আহতদের মধ্যে গুরুতর আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস।

খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালানা করে ফায়ার সার্ভিস। ছবি: ইনডিপেনডেন্টতিনি বলেন, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল। ফলে লরির পেছনে বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা দুটি বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে অন্যান্য আহতদের স্থানীয়দের সহযোগিতা করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে পাঠিয়েছে। আহতদের সংখ্যা ২৫ জন হতে পারে। আরও বাড়তেও পারে।’

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক সাহাবুদ্দিন রানা জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে উদ্ধার করা হয়েছে।