২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রায় ৭০ শতাংশ চিকিৎসক নিজেদের ইচ্ছেমতো আসা-যাওয়া করছেন। কেউ কেউ দেড় থেকে ২ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। বায়োমেট্রিক হাজিরাতে ধরা পড়েছে এই অনিয়ম।
আজ রোববার দুপুরে দুদকের অভিযানে গুরুতর অনিয়ময়মের বিষয়টি স্পষ্ট হয়।
হাসপাতালটিতে টানা ৫ ঘণ্টা আকস্মিক অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এসময় ওষুধ বিতরণে অস্বচ্ছতা এবং প্যাথলজি বিভাগে টেস্ট কিটের হিসাবেও বড় ধরনের গরমিলের প্রমাণ মেলে।
দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন পাঁচ সদস্যের ওই দলের নেতৃত্ব দেন। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান চালায়।
এসময় দুদক কর্মকর্তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি, ফার্মেসি, প্যাথলজি বিভাগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন।
দুদক কর্মকর্তারা জানান, সরকারি আদেশে সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সকালের শিফটে বহির্বিবিভাগে চিকিৎসাসেবা দেওয়ার কথা। কিন্তু চিকিৎসকরা সকাল ১০টা-সাড়ে ১০টা এমনকি ১১টায়ও আসছেন অনেকে। যাওয়ার ক্ষেত্রেও ৬০ থেকে ৭০ শতাংশ চিকিৎসক এটি মানছেন না। তারা আড়াইটায় যাওয়ার পরিবর্তে তারও অনেক আগে ১২টা থেকে ১টার দিকে চলে যান। অনেকে হাসপাতাল ত্যাগ করার কোনো রেকর্ডও রাখছেন না।
বায়োমেট্রিক হাজিরা বিশ্লেষণ করে দুদকের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত হয়েছেন। হাসপাতালের ফার্মেসি থেকে রোগীদের সরবরাহ করা ওষুধের ক্ষেত্রে চিকিৎসকের সিল, স্বাক্ষর ও তারিখ না থাকার বিষয়টি নজরে আসে তাদের। প্যাথলজি বিভাগে হেপাটাইটিস-বি সারফেস অ্যান্টিজেন পরীক্ষার বড় ধরনের গরমিল পাওয়া গেছে।
নথিপত্র অনুযায়ী প্যাথলজি স্টোরে হেপাটাইটিস-বি পরীক্ষার ১ হাজার ২৫০টি রিএজেন্ট কিট মজুত থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৩৯২টি। বাকি ৮৫৮টি কিটের কোনো হিসাব দিতে পারেননি হাসপাতালের প্যাথলজিস্ট ইনচার্জ মো. রেজাউল করিম।
একইসঙ্গে হাসপাতালের বাথরুম ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে।
দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ তদারকি করেছি। চিকিৎসকদের অনুপস্থিতি, বায়োমেট্রিক হাজিরার অসংগতি, ওষুধ বিতরণের স্লিপে রেজিস্ট্রেশন নম্বর না থাকা এবং প্যাথলজিতে ৮ শতাধিক টেস্ট কিটের গরমিলের প্রাথমিক সত্যতা পেয়েছি। বিষয়গুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আরও উপস্তিত ছিলেন সহকারী পরিচালক তারিকুর রহমান,উপ-সহকারী পরিচালক সানজিদা আক্তার শিলা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, ‘অন্যান্য হাসপাতালের চেয়ে এই হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক ভালো। চিকিৎসকদের অনেকেই দেড়টার দিকে চলে যান। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’