তিন দিন ধরে পানির নিচে চট্টগ্রাম

টানা তিন দিনের বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতায় নজিরবিহীন ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের মানুষ। বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর নিচু এলাকার পাশাপাশি, ডুবে গেছে বেশিরভাগ এলাকার প্রধান সড়ক ও অলিগলি। ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় ভোগান্তি বেড়েছে। এদিকে, যথারীতি এর জন্য একে অন্যকে দোষারোপ করছে নগরীর সেবা সংস্থাগুলো।

গত শুক্রবার থেকেই টানা বৃষ্টি চলছে চট্টগ্রামে। অব্যাহত ভারী বর্ষণ আর কর্ণফুলি নদীর জোয়ারে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা।

মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজারের পুরো এলাকা তিন দিন ধরেই পানির নিচে। ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকবছরের মধ্যে বৃষ্টি আর জলজটে এমন দুর্ভোগ হয়নি বলে জানান নগরবাসী।  

তবে নগরবাসীর দুর্ভোগ কমানো নয়, বরং একে অন্যের উপর দায় চাপানোতেই বেশি ব্যস্ত নগর পরিষেবার সাথে যুক্ত সংস্থাগুলো। কয়েকদিন ধরেই চলছে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাকযুদ্ধ।

সিডিএ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, ‘ডাউনস্ট্রিমে তো জমির জন্য খাল আমরা বড় করতে পারিনি। এরকম ১২টি খাল আছে যেগুলো আমরা বড় করতে পারিনি। সরকার যদি আমাদের অনুমোদন দেয় তারপর দেড় বছর লাগবে জমি অধিগ্রহণসহ কাজগুলো শেষ করতে। দেড় থেকে দুবছর লাগবে আরো।’

রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।