নরসিংদীতে স্পিডবোট ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে স্পিডবোট ঘাটের ইজারা ও দখলকে কেন্দ্র করে স্থানীয় মতিন গ্রুপ ও সাবেক পৌর কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৩ জনকে।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়াপাড়া মহল্লার বাউলপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাজিদ কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলো কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেন, ওবায়দুল ও তালহা।

এলাকাবাসীর তথ্যের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, “শুক্রবার দুপুর ১টার দিকে কাউরিয়া পাড়া মহল্লার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোট ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই জেরে একপর্যায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়"।

“সংঘর্ষে পাঁচজন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সাজিদ নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়”- জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আবুল কাশেম ভূঁইয়া আরও জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে”।