মাদারীপুরের রাজৈর উপজেলা ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে মাদারীপুর-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুরের শান্তিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রাব্বি শেখ (২০) মাদারীপুরের রাজৈর উপজেলার পাট্টাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে ও মোটরসাইকেল আরোহী মেহেদী শেখ (২০) একই এলাকার আবু জাফর শেখের ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমীর হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ও টেকেরহাটগামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটেছে। এসময় রাব্বি শেখ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মেহেদী শেখকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লোকাল বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।