মুন্সিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ২ 

মুন্সিগঞ্জের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের বনিক্যপাড়া এলাকায় পুরনো একটি বেইলি ব্রিজ ভেঙে মালামাল বোঝাই একটি ট্রাক খাদে পড়েছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে একটি অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক ব্রিজে ওঠে। এ সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিক আহত হন। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় পাশের বিকল্প একটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। ফলে মঙ্গলবার ভোর থেকে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে বিপাকে সড়কে পড়েছেন চলাচলকারীরা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, পাশেই নির্মাণাধীন একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতে ওই ব্রিজের নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলার নিয়ে ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। তবে বিকল্প আরেকটি বেইলি ব্রিজ সচল রয়েছে। এ ছাড়া দুপুরের মধ্যে পাশের কংক্রিটের ব্রিজেটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।