মানিকগঞ্জে পৃথক দুটি হত্যা মামলা ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক দুটি হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় অপরাধ প্রমানিত না হওয়ায় মামলা দুটি থেকে ২ জন খালাস পেয়েছেন। বৃহস্পতিবার  দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।  

সাজাপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জ পৌরসভার খাগড়াকুড়ি এলাকার ব্রজেন্দ্র মন্ডলের ছেলে রঞ্জিত কুমার মন্ডল (৫৫), দৌলতপুর উপজেলার উলাইল এলাকার মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন তার ভাই আওলাদ হোসেন এবং একই এলাকার তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৭ জুলাই মানিকগঞ্জ পৌরসভার খাগড়াকুড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বরসতী মন্ডলকে (২২) কুপিয়ে হত্যা করেন রঞ্জিত মন্ডল। এ ঘটনায় নিহতের মামা প্রদীপ কুমার মোদক বাদি হয়ে রঞ্জিত মন্ডলকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আব্দুল আউয়াল রঞ্জিত মন্ডল ও আতোয়ার হোসেনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে দোষ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা অর্দণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর দোষ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর আসামি আতোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে,  ২০১০ সালের ২৫শে জানুয়ারী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে শিশু বিথী আক্তার (৮) কে শ্বাসরোধ করে হত্যা করেন কফিল উদ্দিন, আওলাদ হোসেন ও দেলোয়ার হোসেন। এ মামলায় আদালতে যুক্তিতর্ক শেষে দোষ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আর দোষ প্রমানিত না হওয়ায় এ মামলা থেকে অপর আসামি হেলাল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মথুর নাথ সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী (দৌলতপুর) অ্যাডভোকেট আজিজুল হক ও (সদর) অ্যাডভোকেট একেএম কায়সার উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।