টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন  

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভি‌যো‌গ এনে ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন। আজ রোববার দুপু‌রে গোপালপুর উপ‌জেলার ঝাওয়াইল বাজার প্রচার প্রচারণার নির্বাচন অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। 

এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠান্ডু অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনিরের কর্মী সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। অনেকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলেনি। জেলার পু‌লিশ সুপার‌কে বারবার ফোন কর‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি।