পদ্মা নদীর মাওয়া ঘাটে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অভিজিৎ হালদার (২৪) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা একই বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থী (২২) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার নিমতলীর বঙ্গবন্ধু টোল প্লাজার কাছে দুর্ঘটনার শিকার হন তাঁরা। এতে ঘটনাস্থলেই অভিজিৎ হালদারের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জবির প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘নিহত শিক্ষার্থী অভিজিৎ হালদার প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সিরাজদিখান থানা থেকে অভিজিতের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’
এ ঘটনায় আহত ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন জবির সহকারী অধ্যাপক নিউটন হালদার। তিনি বলেন, ‘অভিজিৎ তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলেন। আজ দুপুরের পরে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তাঁরা। এতে ঘটনাস্থলেই অভিজিৎ হালদারের মৃত্যু হয়। পরে গুরুতর আহত তাঁর বান্ধবীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) ৩ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।’
নিউটন হালদার আরও বলেন, ‘আহত শিক্ষার্থী আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়িও পিরোজপুর জেলায়। বর্তমানে তিনি বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন।’