রাজধানীর শাহজাহানপুর থানার মগবাজার এলাকায় একটি ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে মোছা. আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ডিবি পুলিশের সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
নিহত আনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদরের সৌহার্দ্য গ্রামের কামাল মিয়ার মেয়ে। বর্তমানে মালিবাগের পকেট গেট এলাকার মাধবীলতা নামের ১৭৭/১৭৮ নম্বর বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আজ সোমবার দুপুর ১১টার এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।
ওসি বলেন, ‘আমরা আজ সকাল ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘নিহত ওই নারী একজন সহকারী পুলিশ কমিশনারের বাসায় ১৫-১৬ মাস আগে গৃহকর্মী কাজের জন্য আসেন। আমরা সিসি ফুটেজে দেখতে পাই আজ (সোমবার) সকালের দিকে তিনি (গৃহকর্মী) ১০ তলা ছাদের উপরে হাঁটাহাটি করছিলেন। কিছুক্ষণ পরে আর তাঁকে দেখা যায়নি। আমরা ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে আহত হন। পরে আমরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘নিহত ওই গৃহকর্মী যে সহকারী পুলিশ কমিশনার স্যারের বাসায় কাজ করতেন, সেই স্যার ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা বিষয়টি তাঁকে জানিয়েছি। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসার নিচ থেকে প্রীতি (১৩) নামে এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বছরের ৬ আগস্টে একই বাসার বারান্দা থেকে পড়ে ফেরদৌসী নামে এক গৃহকর্মী পড়ে গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।