নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে উপজেলার বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাতে মোহাম্মদ উল্লাহ তার শ্বশুর সিদ্দিকুর রহমানকে আনতে কুমিল্লা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে সকালে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক রেজাউল হক জানান, দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এস ময় গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর।