খেলনা পিস্তল বুকে ঠেকিয়ে ভয় দেখানোয় যুবককে মারধর

ফরিদপুরে ফুচকার দোকানে আতশবাজি ফোটানো নিয়ে দুই পক্ষের হাতাহাতি ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় খেলনা পিস্তল বের করে বুকে ঠেকিয়ে একজনকে ভয় দেখানোয় এক যুবক ও সঙ্গে থাকা তার বোনকে মারধর করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

শহরের চর কমলাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফরিদপুর শহরের আলীপুর এলাকার কলেজছাত্র আদর (১৮) শহরের চরকমলাপুর একটি দোকানে ফুসকা খাচ্ছিলেন। একই সময় পশ্চিম খাবাসপুর এলাকার যুবক তালহা (২০) তাঁর বোনকে (১৬) নিয়ে ওই ফুচকার দোকানে ফুসকা খেতে যান। এ সময় আদরের সঙ্গে থাকা বন্ধুরা একটি আতশবাজি ফোটান। এ নিয়ে আদর ও তালহার মধ্যে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কির হয়।

একপর্যায়ে তালহা তাঁর গাড়ি থেকে খেলনা পিস্তল বের করে আদরের বুকে ঠেকিয়ে ভয় দেখান। এ সময় সেখানে থাকা বেশ কয়েকজন তালহাকে ধরে মারধর করেন। তালহাদের সঙ্গে থাকা মাইক্রোবাসে ইটপাটকেল ছুড়ে ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানসহ পুলিশ সদস্যরা জেনারেল হাসপাতালে যান। সেখান থেকে তালহা ও তাঁর বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। এ সময় তালহার গাড়ির ভেতর তল্লাশি করে খেলনা পিস্তলটি জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।