পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বেতন-ভাতসহ বিভিন্ন বৈষম্য প্রতিবাদে অফিস বন্ধ করে কর্মবিরতি পালন করেছে মুন্সিগঞ্জে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
রোববার সকাল সাড়ে ৯ টা থেকে সদর উপজেলা সিপাহীপাড়ায় মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ জেলা কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেন জেলার ১১ জোনাল ও সাব জোনাল অফিসের কয়েকশতাধিক কর্মকর্তা–কর্মচারী।
আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারীদের পদমর্যাদা, ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সম হারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, মাঠ পর্যায়ে কর্মচারীদের চুক্তি ভিত্তিক চাকুরি নিয়মিত না করা সহ বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের শিকার হচ্ছে সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
তারা আরও জানান, অনিয়মের বিষয়ে কথা বললে চাকরিচ্যুত করা হচ্ছে অনেককে। দীর্ঘদিন ধরে চলা এসব শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে অভিন্ন বেতন-ভাতা ও সুযোগ সুবিধার ও চাকরী বিধির বাস্তবায়নের দাবি জানান মাঠ পর্যায়ের কর্মরতরা।
দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার ঘোষনা দেন সকলে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হারুন অর রশিদ, মো. এজিএম রাজন কুমার দাস, ডা. হান্নান মিয়া, মো. জাকির হোসেন, জুনিয়র ইঞ্জিনায়ার অনিমেশ চন্দ্র সরকার ও অভিজিৎ নাগসহ কর্মকর্তা কর্মচারীগণ।