সাবেক আইজিপি বেনজীরের সাভানা ইকো রিসোর্ট বন্ধ ঘোষণা

অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ। ফলে আজ সোমবার বিকেলে পার্কের ফটকে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।  

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির হোসেন সাংবাদিকদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত একটি নোটিশ পার্ক ফটকের সামনে টানানো রয়েছে। তাতে লেখা রয়েছে, অনিবার্য কারণবশত সাময়িকভাবে সাভানা পার্ক বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের প্রায় সব জমিই হিন্দু সম্প্রদায়ের মানুষের ছিল। ভয় দেখিয়ে, জোর করে ও নানা কৌশলে এসব জমি কেনা হয়েছে বলে অভিযোগ জমির মালিকদের।  

এ বিষয়ে গণমাধ্যমে এলাকাবাসী বক্তব্য দিলে পার্ক কর্তৃপক্ষ পুলিশ এনে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশের লাঠির আঘাতে চারজন আহত হয়েছে। তাঁরা হলেন– ইকোপার্ক সংলগ্ন সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিনোদ বিহারি বলের ছেলে বিপ্লব বল, সন্তোষ বলের ছেলে সঞ্জয় বল ও সাগর বল এবং ওই এলাকার রনি নামের এক যুবক।
পরে পার্কের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হলেও কর্তৃপক্ষ আজ থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানায় এলাকাবাসী।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির বলেন, ‘আপাতত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না। এ কারণে কয়েক দিনের জন্য পার্ক সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্ভার সমস্যা সমাধন হলে আগামী ৪/৫ দিনের মধ্যে পার্ক খুলে দেওয়া হবে।’ 

আরও পড়ুন: