গজারিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে ওই পথচারী। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে চিকিৎসক। 

নিহত অজ্ঞাত পথচারী (৫৮)। আহতরা হলেন, মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন (৩৪), বাসযাত্রী বেলাল হোসেন (৪০), শাকিল দেওয়ান (৩৮) ও শিল্পী আক্তার (৩৫)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী। এসময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে বাঁচাতে গিয়ে হাড ব্রেক করে তার উপরে উঠে যায়। এসময় মোটরসাইকেলটির পেছন থাকা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে বামদিকে মোচড় দিয়ে সামনে আগানোর চেষ্টা করলে প্রাইভেটকারটির সামনের এবং পেছনের যাত্রীবাহী দুটি বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়, যাত্রীবাহী বাস দুটিরও ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় পথচারী, মোটরসাইকেল চালক ও বাসের ৩ যাত্রী আহত হয়। হতাহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার ফলে মহাসড়কের একপাশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ। ছবি: ইনডিপেনডেন্ট

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৫ জন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে হাসপাতালে আনার পরপরই একজনের মৃত্যু হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা পাঠিয়ে দিয়েছি।’ 

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।’