হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। ইতোমধ্যে পুলিশের ছররা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপে শতাধিক আহত হয়েছে।
প্রথম দফায় শুক্রবার দুপুরের পর জেলা শহরের প্রধান সড়কে সংঘর্ষ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দ্বিতীয় দফায় প্রধান সড়কগুলোর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে রাখে শিক্ষার্থীরা। বিভিন্ন অলিতে–গলিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের সঙ্গে স্থানীয়রাও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ চলাকালে একদল দুর্বৃত্ত জেলা শহরের টাউন হল রোডের কার্যালয়টিতে আগুন দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।
এছাড়া বিক্ষুব্ধরা হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে ইট–পাটকেল নিক্ষেপ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, আজ জুমার নামাজের পর থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ লোকদের পাশাপাশি ছাত্রদলের কিছু কর্মীকে দেখা গেছে। এক পর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
এ বিষয়ে তাৎক্ষণিক হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।