অভ্যুত্থানের পরও নির্যাতিত মাইকেল চাকমা, মুক্তির আগের মুহূর্তে মৃত্যু আতঙ্ক

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রবল স্রোতে হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় সাড়ে ৫ বছর পর মুক্ত হন ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা। এ অভ্যুত্থানের পরের দুই রাতে চরম নির্যাতন চালানো হয় মাইকেল চাকমার ওপর। আয়নাঘর থেকে বের করে আনা হয় ৭ আগস্ট গভীর রাতে। হাত-চোখ বেঁধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরসরাই এলাকায় ফেলে দেওয়া হয় মাইকেলকে। মুক্তির আগের চার ঘণ্টা সময় চরম মৃত্যু আতঙ্কে কেটেছিল তাঁর।

প্রায় সাড়ে পাঁচ বছর পর মুক্ত হয়েছেন মাইকেল চাকমা। এই সময়ে আয়নাঘরের নির্মমতা কেড়ে নিয়েছে তাঁর চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। এখন চশমা ছাড়া ঝাপসা তাঁর চারপাশ।

মাইকেল জানান, ৫ আগস্টের গণবিদ্রোহের কোনো খবর তাঁর জানা ছিল না। ৭ আগষ্ট গভীর রাতে তাঁর হাত-পা বেঁধে আয়নাঘর থেকে বের করা হয়।

মাইকেল বলেন, ‘মুক্তির আগের দুই রাত আমাকে ঘুমাতে দেয়নি।’

মাইকেলকে প্রায় চার ঘণ্টা গাড়িতে ঘুরিয়ে ভোরে একটি নির্জন স্থানে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি চোখ খুলি, তারপর স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরি।’

মাইকেল চাকমার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয়। তবে তিনি চান আর কেউ যেন কখনোই তাঁর মতো গুমের শিকার না হয়।

ভিডিও দেখুন:আয়নাঘরের বন্দী জীবন থেকে ফিরে মাইকেলের ভাষ্য, ‘একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করে দেশ শাসন করতে হবে। নতুন সরকারের কাছে প্রত্যাশা পাহাড়ে কর্তৃত্ববাদ বন্ধ হোক।’

মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২ হাজার ৬৯৯ জন। এ সময়ে গুম হন ৬৭৭ জন।