গাজী টায়ারে অগুন

চলছে ডাম্পিংয়ের কাজ, এখনও খোঁজ মেলেনি ১৬০ জনের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের আগুন এখনও নেভেনি। আজ মঙ্গলবার আগুন নেভাতে ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখনও নিখোঁজ ১৬০ জনের কোনো সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিসের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মানিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে পুরে যাওয়া ছয়তলা ভবনটিতে আজও আগুনের ধোয়া বের হচ্ছে। প্রচণ্ড তাপ থাকার কারণে ফায়ার সার্ভিস এখনও উদ্ধারের কাজ শুরু করতে পারেনি। এ ছাড়া এখনও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

তবে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস অভিযান চালাবে। আগুনের ডাম্পিংয়ের কাজ শেষ হলে ওই ভবনে নিখোঁজদের সন্ধান করা হবে। যে পর্যন্ত একটিও মরদেহ থাকবে, ততক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

এখনও গাজী টায়ার কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসেনি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মানিকুজ্জামান বলেন, ডাম্পিংয়ের কাজ চলছে। ঘটনাস্থলে জেলার প্রশাসকের প্রতিনিধি দল আসবে। তারা এলে উদ্ধার কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার রুপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার পর ভবনে আগুনে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করার কথা জানায় ফায়ার সার্ভিস। কারখানার কর্মকর্তারা বলেছেন, তাদের কোনো শ্রমিক আটকে পড়েছেন এমন কোনো তথ্য নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দুর্বৃত্তরা কারখানাটিতে লুটপাট চালায় এবং এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। স্বজনরা বলছেন, এদের বেশিরভাগই কারখানাটিতে লুটপাট করতে গিয়েছিলেন।