গাজী টায়ারে আগুনের ঘটনায় নিখোঁজ ও নিহতদের কোনো তালিকা তৈরি করা হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজী টায়ারের আগুনে ফায়ার সার্ভিস নিহতের তালিকা করছে বলে দু-একটি গণমাধ্যম তথ্য প্রকাশ করেছে। এটি সঠিক নয়। ফায়ার সার্ভিস নিহতের বা নিখোঁজের কোনো তালিকা করছে না। এ ধরনের সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
এতে আরও বলা হয়, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ফোন নম্বর ফায়ার সার্ভিসকে দিয়ে কোনো ভিকটিম পাওয়া গেলে তাদের জানানোর অনুরোধ করেছেন মাত্র।’
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার রুপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার পর ভবনে আগুনে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করার কথা জানায় ফায়ার সার্ভিস। কারখানার কর্মকর্তারা বলেছেন, তাদের কোনো শ্রমিক আটকে পড়েছেন এমন কোনো তথ্য নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দুর্বৃত্তরা কারখানাটিতে লুটপাট চালায় এবং এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। স্বজনরা বলছেন, এদের বেশিরভাগই কারখানাটিতে লুটপাট করতে গিয়েছিলেন।


গাজী টায়ারে ‘লুটপাটের’ সময় আসা ১৬০ জন নিখোঁজ
