ভ্যানে লাশের স্তূপ করছে এক দল পুলিশ। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোমহর্ষক এ ভিডিও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভিডিওটির ঘটনাস্থল ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের। স্থানীয় মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়ার একটি পোষ্টারের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে রিউমার স্ক্যানারকে মেইল করে এ বিষয়ে জানতে চাইলে ফিরতি মেইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনেকগুলো মরদেহ স্তূপ করে রাখা হয়েছে একটি ভ্যানে। পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাতসহ আরও কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়।
ভিডিওটি কবেকার এমন প্রশ্নে রিউমার স্ক্যানার জানিয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট এ ভিডিওটি ধারণ করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। সেদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে প্রাণ হারিয়েছে বহু মানুষ।