নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী।

শনিবার রাতে মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার দগিরয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহত সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়িয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতের স্বজনরা জানায়, সদ্য বিয়ে করা ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।’